হাতে কোদাল মন্ত্রী, বর্ধমানকে ইন্দোরের মতো পরিষ্কার করার শপথ মৌমিতার

রবিবার সকালে এক অন্য ছবি দেখা গেল বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের লোকো কলোনিতে। রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র কোদাল ও টাকনা হাতে নিজেই নেমে পড়লেন পুকুর পরিষ্কারে। দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন তিনি। মন্ত্রী জানান, শুধু সরকারি উদ্যোগে শহর পরিচ্ছন্ন হয় না, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। মধ্যপ্রদেশের ইন্দোরের আদলে বর্ধমানকে ‘গ্রীন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
অন্যদিকে, রাজ্যজুড়ে পালস পোলিও কর্মসূচির দিনে দুর্গাপুরে দেখা গেল এক ভিন্ন রাজনৈতিক সদিচ্ছা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই কুরুড়িয়া ডাঙা সু-স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু শিশুকে নিজ হাতে পোলিও টিকা খাওয়ান। স্বাস্থ্যকর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সরকার মানুষের পাশে আছে এবং যেকোনো সমস্যা সমাধানে তৎপর। বিধায়কের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। একই দিনে মন্ত্রী এবং বিধায়কের জনমুখী এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।