হাজিরা এড়িয়ে ৪৮ ঘণ্টার সময় চাইলেন অভিষেক! কালীঘাটের বাড়িতে ফের হানা পুলিশের, তুঙ্গে রাজনৈতিক চর্চা!

পুলিশের তলবে হাজিরা না দেওয়ায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে এসে পৌঁছাল কলকাতা পুলিশ। শেক্সপিয়র সরণি থানায় তলব করা হলেও ই-মেলের মাধ্যমে হাজিরা দিতে অপারগতা প্রকাশ করে আরও ৪৮ ঘণ্টার সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে গত অগাস্ট মাসে চত্বরে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত ২৭ অগাস্ট। ওই দিন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের ছাদ থেকে বিতর্কিত বিলবোর্ড খোলার কাজ শুরু করে কলকাতা পুলিশ ও পুরসভা। কিন্তু সেই কাজকে কেন্দ্র করে তীব্র বাধার মুখে পড়ে প্রশাসন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দফতরে ব্যাপক হট্টগোল ও ধুন্ধুমার বাঁধে। পুলিশি বাধা ও কর্মীদের প্রতিবাদের মুখে সাময়িক অচলাবস্থা তৈরি হলেও শেষ পর্যন্ত কড়া নিরাপত্তায় পুলিশ দফতরের ছাদে উঠে বিলবোর্ডটি ভেঙে ফেলে।
এই ঘটনার জেরে পুলিশের কাজে বাধা ও আইন অমান্যের অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ একাধিক হেভিওয়েট নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা সহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা রুজু করে শেক্সপিয়র সরণি থানা। এই মামলার তদন্তের অংশ হিসেবেই গত বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশি নোটিস তুলে দেওয়া হয় এবং সোমবার সকাল ১০টায় থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত সময়ে হাজিরা না দিয়ে ইমেল মারফত ৪৮ ঘণ্টা সময় চাওয়াতেই তৎপরতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে পুলিশ। গতকাল দুপুরের দিকে শেক্সপিয়র সরণি থানা এবং কালীঘাট থানার যৌথ পুলিশ টিম ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে উপস্থিত হয়। পুলিশের দাবি, ওই নোটিসটি শেষ পর্যন্ত অভিষেকের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেন। একইসঙ্গে এই মামলায় অন্য এক তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। পূর্বে অন্য একটি মামলার প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে দেখা গেলেও, সাম্প্রতিক এই বিলবোর্ডকাণ্ডের তদন্তে প্রশাসনের একের পর এক পদক্ষেপে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।