হলিউড তারকা কিয়ানু রিভসের নাম ব্যবহার করে বৃদ্ধার থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

প্রতারণার নতুন কৌশল! এবার হলিউড তারকা কিয়ানু রিভসের নাম ব্যবহার করে মুম্বাইয়ের ৬৯ বছর বয়সী এক বৃদ্ধাকে ৬৫ হাজার টাকার প্রতারণার শিকার হতে হলো। অনলাইন প্রতারকদের প্রধান লক্ষ্য এখন বয়োজ্যেষ্ঠ মানুষ, যাদের ফাঁদে ফেলা তুলনামূলক সহজ।

কীভাবে ঘটলো এই প্রতারণা?

মুম্বাইয়ের ভারসোভায় একা থাকা ওই বৃদ্ধার কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে প্রতারক নিজেকে বিখ্যাত হলিউড অভিনেতা কিয়ানু রিভস বলে দাবি করে। সে বৃদ্ধাকে জানায়, ভারতে এসে তিনি তাঁর সঙ্গে দেখা করতে ইচ্ছুক এবং এর জন্য বিমান ভাড়ার বাবদ ৬৫ হাজার টাকা প্রয়োজন। বৃদ্ধা সরল বিশ্বাসে প্রতারকের কথায় রাজি হয়ে যান এবং তার ব্যাংক পাসবুক, ডিপোজিট স্লিপ, পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ নথিপত্রের ছবি তাকে পাঠিয়ে দেন।

মেয়েকে বাঁচাল ইমেল

লন্ডনে থাকা বৃদ্ধার মেয়ে মায়ের ইমেলের সমস্ত তথ্য আগে থেকেই জানতেন। ৩০ জুন তিনি একটি NEFT নোটিশ পান, যেখানে দেখা যায় যে তার মা দেরাদুনের এক অজ্ঞাত ব্যক্তিকে ৬৫ হাজার টাকা পাঠিয়েছেন। সন্দেহ হওয়ায় তিনি তৎক্ষণাৎ মাকে ফোন করে জানতে চান। তখন বৃদ্ধা জানান, তিনি সমাজমাধ্যমের মাধ্যমে কিয়ানু রিভসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই সূত্রেই এই টাকা পাঠিয়েছেন।

মা প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে মেয়ে দ্রুত লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরে আসেন এবং সোমবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারায় ওই প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ঘটনা আবারও প্রমাণ করে, অনলাইন প্রতারকরা কীভাবে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে।