পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (UNSC) গুরুত্বপূর্ণ প্রস্তাব আনল বাহরাইন। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে উপসাগরীয় ছয়টি দেশ এবং জর্ডান। তবে সংঘাত এড়াতে এবং চীন ও রাশিয়ার মতো স্থায়ী সদস্যদের সমর্থন পেতে মূল খসড়ায় বড়সড় বদল আনা হয়েছে।
সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানিয়েছে, প্রাথমিক খসড়ায় হরমুজে যাতায়াত নিশ্চিত করতে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ (Necessary measures) নেওয়ার কথা বলা হয়েছিল, যা রাষ্ট্রসঙ্ঘের ভাষায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয়। কিন্তু চীন ও রাশিয়ার তীব্র আপত্তির মুখে সেই শব্দ বদলে এখন ‘রক্ষণাত্মক’ (Defensive) এবং ‘পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ (Proportional) ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। নতুন এই খসড়া অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য এই আন্তর্জাতিক জলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে স্থায়ী ৫টি দেশের (ভিটো ক্ষমতা সম্পন্ন) সমর্থন পাওয়া যে কোনো প্রস্তাব পাসের ক্ষেত্রে বাধ্যতামূলক। এখন দেখার, সামরিক শব্দবন্ধ ছেঁটে ফেলার পর রাশিয়া ও চীন এই নরমপন্থী প্রস্তাবে সায় দেয় কি না। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই করিডোরটি খুলে দেওয়ার ওপরই এখন নির্ভর করছে আন্তর্জাতিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা।





