লস অ্যাঞ্জেলসে ‘রামায়ণ’-এর ধামাকা! সাই পল্লবীকে কেন ‘সেরা সীতা’ বললেন রণবীর কাপুর?

বড় পর্দায় রাম-সীতার মহাকাব্যিক রসায়ন দেখার জন্য চড়ছে উত্তেজনার পারদ। নিতেশ তিওয়ারির উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট ‘রামায়ণ’ নিয়ে লস অ্যাঞ্জেলসের বিশেষ স্ক্রিনিংয়ে মুখ খুললেন স্বয়ং পর্দার ‘রাম’ ওরফে রণবীর কাপুর। তাঁর সাফ কথা, সাই পল্লবীর চেয়ে যোগ্য ‘সীতা’ আর কেউ হতেই পারতেন না। রণবীর জানান, যখন প্রথমবার সাইকে সীতার সাজে দেখেছিলেন, তিনি এবং পরিচালক দুজনেই বুঝতে পেরেছিলেন কাস্টিং একদম নিখুঁত হয়েছে।
শুধু সীতা নন, লঙ্কাপতি রাবণ হিসেবে দক্ষিণী সুপারস্টার যশের উপস্থিতিও দর্শকদের চমকে দিতে বাধ্য। টিজারে পুষ্পক রথে যশের এন্ট্রি এবং অস্কারজয়ী স্টুডিওর তৈরি ভিএফএক্স (VFX) ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। ২ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন ভারতে টিজার লঞ্চ হলেও রণবীর সেখানে উপস্থিত ছিলেন না, কারণ তিনি লস অ্যাঞ্জেলসের আন্তর্জাতিক ইভেন্টে ব্যস্ত ছিলেন।
কবে আসছে এই মহাকাব্য?
আইম্যাক্স (IMAX) ফরম্যাটে শ্যুট হওয়া এই সিনেমাটি মুক্তি পাবে দুই পর্বে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে প্রথম অংশ এবং ২০২৭ সালের দিওয়ালিতে আসবে দ্বিতীয় অংশ। সাই পল্লবীর অভিনয় দক্ষতা আর যশের রাজকীয় ‘অরা’—সব মিলিয়ে নিতেশ তিওয়ারির রামায়ণ যে নতুন মাইলফলক হতে চলেছে, তা বলাই বাহুল্য।