যুগ যুগ ধরে চলে আসা প্রথা বদলে যেতে চলেছে এবারের ইদ-উল-ফিতরে। সংযুক্ত আরব আমিরশাহি (UAE) প্রশাসন এক ঐতিহাসিক ও কড়া সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর আর খোলা ময়দান বা বিশাল ইদগাহে ইদের জামাত অনুষ্ঠিত হবে না। প্রতিটি আমিরাতকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত নমাজ শুধুমাত্র মসজিদের চারদিয়ালের ভেতরেই সীমাবদ্ধ রাখতে হবে।
কেন এই হঠাৎ বিধিনিষেধ? মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির রণক্ষেত্রের পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে আরব প্রশাসন। ‘জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও জাকাত’ এক সরকারি বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, জনসাধারণের সুরক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। খোলা জায়গায় বড় জমায়েত এড়িয়ে চলতেই এই নির্দেশিকা।
প্রশাসনের কড়া অবস্থান ন্যাশনাল ইমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে সমন্বয় করে দুবাই ও শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগ এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কর্তৃপক্ষের মতে, ইদগাহের মতো বিশাল খোলা প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হতে পারে। তার চেয়ে মসজিদের ভেতরে নির্দিষ্ট সংখ্যার মধ্যে নমাজ সম্পন্ন করা অনেক বেশি নিরাপদ ও সুশৃঙ্খল।
প্রস্তুত রাখা হচ্ছে সব মসজিদ সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে যে, দেশের প্রতিটি কোণায় থাকা মসজিদগুলোকে ইদের বিশেষ নমাজের জন্য সম্পূর্ণ তৈরি রাখা হয়েছে। মুসল্লিরা যাতে কোনো অসুবিধে ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রার্থনা সারতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো নিশ্চিত করেছে প্রশাসন।