স্বস্তি ফিরল টিম ইন্ডিয়াতে! ‘কেবলই সাবধানতা’, চোট গুরুতর নয় ঋষভ পন্থের, জানালেন বিসিসিআই আধিকারিক

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে সাময়িক উদ্বেগ তৈরি হয়েছিল। ভারত ‘এ’ বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’ -র ম্যাচে (INDA vs SAA) একাধিকবার আঘাত পেয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। তবে পিটিআই (PTI)-এর রিপোর্ট এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই (BCCI) আধিকারিকের বক্তব্যে জানা গেল, পন্থের চোট তেমন গুরুতর নয়।
কেবল ‘সাবধানতার কারণেই’ রিটায়ার্ড হার্ট
বিসিসিআইয়ের সেই আধিকারিক জানিয়েছেন,
“সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের কথা মাথায় রেখেই পন্থকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠে থেকে রিটায়ার্ড হার্ট হয়ে বাইরে যাওয়াটা কেবল সাবধানতার কারণেই করা হয়েছিল।”
অর্থাৎ, তাঁর মূল চোট তেমন গুরুতর নয়, বরং আসন্ন টেস্ট সিরিজের আগে ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আঘাত পেয়েও অর্ধশতরান
ম্যাচের দ্বিতীয় ইনিংসে দলকে নেতৃত্ব দেওয়া পন্থ ছয় নম্বরে ব্যাট করতে নেমে পরপর আঘাত পান। প্রথম দিকে তিনি হেলমেটে আঘাত পেলে নিয়ম মেনে কনকাশন পরীক্ষা করা হয়। এরপর বাঁ হাতের কব্জিতে আঘাত পেয়েও ফিজিওর ব্যান্ডেজ নিয়ে ব্যাটিং চালিয়ে যান। তৃতীয়বার আঘাত পাওয়ার পর তিনি ব্যথা নিয়ে আর সহ্য করতে না পেরে রিটায়ার্ড হার্ট হন।
তবে নাটকের এখানেই শেষ নয়। পরবর্তীতে পন্থ আবার মাঠে ফিরে এসে স্বমহিমায় ব্যাটিং করে অর্ধশতরানের একটি মূল্যবান ইনিংস খেলেন। এর পাশাপাশি, আজও তাঁকে উইকেটের পিছনে কিপিং করতে দেখা যাচ্ছে। এই সমস্ত ঘটনাই নিশ্চিত করে দিল যে, তারকার চোট তেমন গুরুতর নয়।
আর মাত্র দিন চারেক পরেই ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ়। এই সিরিজের প্রথম ম্যাচেই পন্থের প্রত্যাবর্তন দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।