স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা! লাইভে এসে বড় বোমা ফাটালেন মেকআপ আর্টিস্ট সিমরন পাল!

টলিউড পাড়ায় চাঞ্চল্যকর মোড়। টলিউড ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আনা শ্লীলতাহানি ও তোলাবাজির বিস্ফোরক অভিযোগ অবশেষে প্রত্যাহার করে নিলেন মেকআপ আর্টিস্ট সিমরন পাল। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি দাবি করেন, তাঁর করা সমস্ত অভিযোগ মিথ্যা এবং তিনি কিছু মানুষের প্ররোচনায় ভুল বুঝে এই পদক্ষেপ করেছিলেন। এই ঘটনায় রাজ্য রাজনীতি থেকে শুরু করে টালিগঞ্জ পাড়ায় নতুন করে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।
লাইভ ভিডিওতে সিমরন পাল সাফ জানিয়েছেন যে, স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর সামনাসামনি কোনো দিন কথাই হয়নি। অন্যের প্ররোচনা এবং ভুল বোঝাবুঝির বশে তিনি এই অভিযোগ দায়ের করেছিলেন। সত্যতা বোঝার পরেই তিনি মামলা তুলে নিতে চেয়েছিলেন বলে দাবি করেন তিনি। ভয়ের কারণে এতদিন তা সম্ভব না হলেও অবশেষে সমস্ত ভয় কাটিয়ে তিনি সাহসের সঙ্গে মামলা তুলে নিয়েছেন বলে জানান। সিমরন লাইভে হাতজোড় করে স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমা চেয়ে বলেন যে, কোনো অপরাধ না করেই তাঁকে অকারণে জেল খাটতে হয়েছে এবং তাঁর মানহানি করা হয়েছে। তবে তাঁকে দিয়ে এই চক্রান্ত কে করিয়েছিল, সেই নাম প্রকাশ্যে আনতে অস্বীকার করলেও তিনি ইন্ডাস্ট্রির অন্দরের ‘ঘরশত্রু বিভীষণদের’ দিকেই ইঙ্গিত করেছেন।
উল্লেখ্য, গত ৪ জুন রাতে এই চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস। পরের দিন ৫ জুন তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছিল। প্রায় এক মাস সংশোধনাগারে কাটানোর পর গত ১৮ জুলাই আলিপুর আদালত থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হন ফেডারেশনের প্রাক্তন সভাপতি। জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। এখন মেকআপ আর্টিস্টের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর টলিউডের অন্দরে ক্ষমতার সমীকরণ এবং অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ফের জোরালো আলোচনা শুরু হয়েছে।