স্কুলে ঢুকে শিক্ষককে ঘাড়ধাক্কা, মারধর! অবশেষে পুলিশের জালে তৃণমূল নেতা

ছাত্রছাত্রীদের সামনেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত তৃণমূল নেতাকে। প্রবল বিতর্কের মুখে এবং পুলিশের ওপর চাপের পর বৃহস্পতিবার ক্যানিং স্টেশন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ত্রিদিব বাড়ুইকে। এই ঘটনায় হারউড পয়েন্ট থানায় এফআইআর দায়ের করেছিলেন আক্রান্ত শিক্ষক।

ঘটনার সূত্রপাত কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে। অভিযোগ, স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও পঞ্চায়েত সদস্য ত্রিদিব বাড়ুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পড়ুয়াদের সামনেই মারধর করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, করিডর দিয়ে শিক্ষককে কার্যত হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জানা যায়, শিক্ষককে স্কুল থেকে বের করে এসডিপিও অফিস পর্যন্ত টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। শুধু এবারই নয়, গত এপ্রিল মাসেও ওই শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ত্রিদিব বাড়ুইয়ের বিরুদ্ধে।

এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত আক্রান্ত শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা। বুধবার ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা কার্যত বেপাত্তা ছিলেন। তার বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি। অবশেষে বৃহস্পতিবার ক্যানিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আদালতে তোলা হবে অভিযুক্তকে। এই ঘটনা আবারও শাসকদলের নেতাদের হাতে শিক্ষক নিগ্রহের পুরনো অভিযোগ সামনে এনেছে। এখন দেখার, দলের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।