কৌশিকী অমাবস্যার রাতে মাছের মাথা-কালিয়া খেয়ে তুমুল চর্চায় মুখ্যমন্ত্রী! আমিষ প্রসাদ নিয়ে বিতর্ক কি শেষ?

বাঙালি কি আমিষ খাবে কি না—সম্প্রতি দুর্গাপুজোয় আমিষ ও নিরামিষ খাওয়া প্রসঙ্গে বাগেশ্বর বাবা ধীরেন্দ্রনাথ শাস্ত্রীর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল পড়েছিল। সেই বিতর্কে জল ঢেলে এবার কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে কালীঘাট মন্দিরে গিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমিষ প্রসাদ গ্রহণ করলেন। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে খাদ্য ও সংস্কৃতির প্রশ্নে সরকারের অবস্থান আরও স্পষ্ট করে দিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুজো দিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। গর্ভগৃহে গিয়ে মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পাশাপাশি তিনি সন্ধ্যারতিও প্রত্যক্ষ করেন। পুজো পর্ব মিটলে মন্দির চত্বরেই বসে তিনি সপার্ষদ বিশেষ আমিষ ভোগ গ্রহণ করেন। জানা গেছে, সেই মেনুতে পোলাও, পাঁচ রকম ভাজা, বাটা মাছ ভাজা, মাছের মাথা এবং মাছের কালিয়ার মতো পদ থাকলেও চিংড়ি মাছ এড়িয়ে চলেন তিনি।