স্কুলের মধ্যেই নারকীয় কাণ্ড! ৪ বছরের শিশুকে যৌন হেনস্থা, গ্রেফতার মহিলা কর্মী

মুম্বইয়ের গোরেগাঁওয়ের একটি স্কুলে ঘটে গেল এক অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অভিযোগ, স্কুলের এক মহিলা কর্মী চার বছরের এক ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন। এই ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর দিদিমা তাকে স্কুলে দিয়ে আসেন। কিন্তু স্কুল থেকে ফেরার পর সে ব্যথার অভিযোগ করে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায়, শিশুটি যৌন হেনস্থার শিকার হয়েছে।
ঘটনা জানার পর শিশুটির পরিবার সরাসরি গোরেগাঁও থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে এবং ৪০ বছর বয়সি ওই মহিলা কর্মীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা দীর্ঘদিন ধরে স্কুলটিতে কাজ করছিলেন এবং শৌচাগারে নিয়ে গিয়ে শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন। পুলিশ এখন স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও ঘটেছে আরেকটি গুরুতর ঘটনা। স্কুলের ভ্রমণের টাকা নিয়ে বিবাদের জেরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মিলনকান্তি পালকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ত্রিদিব বারুইয়ের বিরুদ্ধে। তিনি একইসঙ্গে ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি বলেও জানা গিয়েছে।
মঙ্গলবার বিরেন্দ্র বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। ত্রিদিব বারুই প্রকাশ্যে, ছাত্রছাত্রীদের সামনেই প্রধানশিক্ষকের গলা টিপে ধরে মারধর করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে যে, স্কুলের অফিসকক্ষের ভেতরের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। পুলিশ বুধবারই ত্রিদিব বারুইকে গ্রেফতার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।