পুজোর মুখে বড়সড় বিপদ! খড়িবাড়ি বাজারে ভয়াবহ আগুন, সব হারালেন ব্যবসায়ীরা

উৎসবের মরসুমে যখন সবাই কেনাকাটার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল উত্তরবঙ্গের খড়িবাড়ি বাজারে। পুড়ে ছাই হয়ে গেছে দুটি দোকান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুজোর আগে এমন ঘটনায় চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা গেছে, বুধবার গভীর রাতে হঠাৎ করেই বাজারে আগুনের শিখা দেখা যায়। একটি দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন দোকান মালিক। হঠাৎ বিকট শব্দ শুনে এবং আগুনের ফুলকি দেখে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন তার দোকান দাউ দাউ করে জ্বলছে।

দ্রুত স্থানীয় মানুষ ও পুলিশ আগুন নেভানোর কাজ শুরু করে। পরে নকশালবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

এই অগ্নিকাণ্ডের ফলে পুজোর জন্য রাখা কাপড়-সহ দোকানের একাধিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। পুজোর ঠিক মুখে এমন বড়সড় ক্ষতিতে ব্যবসায়ীরা দিশেহারা। তবে স্থানীয় ব্যবসায়ী সমিতি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। বাজারে পরপর দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, তবে দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেছে।