ইলিশ-মাটনে সাজানো থালা, আইবুড়োভাত খেলেন মিমি? কবে বিয়ে?

২৬ নভেম্বরই কি আইনি বিয়ে সারছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী? এমন জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ঘনিষ্ঠদের সঙ্গে খাওয়া-দাওয়ার একটি পোস্ট শেয়ার করেছেন মিমি, যেখানে তাঁর সামনে সাজানো রাজকীয় খাবারের থালা দেখে নেটিজেনদের প্রশ্ন—তবে কি গোপনে আইবুড়োভাত সেরে ফেললেন নায়িকা?

মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে মিমির সম্পর্ক ও বিয়ে নিয়ে টলিপাড়ায় নানা কথা ঘুরলেও অভিনেত্রী নিজে এ বিষয়ে বরাবরই নীরব। ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের তিন পোষ্য—চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদুর সঙ্গে কাটানো মুহূর্ত ও মাঝেমধ্যে কিছু ব্যক্তিগত পোস্ট ছাড়া খুব একটা কিছু সামনে আনেন না। বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠলেও কৌশলে তা এড়িয়ে যাচ্ছেন মিমি।

সাজানো থালায় কী কী ছিল?

একটি প্রাইভেট রেস্তোরাঁয় কাছের মানুষদের সঙ্গে খাওয়া-দাওয়ার মুহূর্ত শেয়ার করেন মিমি। তাঁর সামনে রাখা প্লেটে ছিল বাসন্তী পোলাও, সাদা ভাত, পাঁচ রকমের ভাজা, শুক্তো, মাটন, ইলিশ মাছ এবং ডেজার্ট। এমন ভরপুর বাঙালি ভোজের থালা দেখেই অনেকে মনে করছেন, বন্ধুরা হয়তো তাঁর আইবুড়োভাতের আয়োজন করেছিলেন। যদিও মিমি নিজের পোস্টে সরাসরি আইবুড়োভাতের কথা উল্লেখ করেননি; বরং প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর কথাই লিখেছেন। ওই আড্ডায় ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, ডিজাইনার অভিষেক রায় এবং মিমির ঘনিষ্ঠ বুলটি সহ আরও কয়েকজন।

কলকাতায় আইনি বিয়ে, পাহাড়ে তিন দিনের অনুষ্ঠান?

বিয়ের তারিখ বা হবু বরকে নিয়ে মিমি মুখে কুলুপ আঁটলেও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর বিয়ের কার্ড। সেই কার্ডে দেখা গিয়েছে অভিনেত্রীর তিন প্রিয় পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদুর উপস্থিতি, যা নজর কেড়েছে অনুরাগীদের।

এক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে মিমির মামা রাম চক্রবর্তী জানিয়েছেন, কলকাতাতেই একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারবেন মিমি। তার আগে বাগদান ও মাঙ্গলিক অনুষ্ঠানও কলকাতাতেই হওয়ার কথা। এরপর ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধরে কালিম্পংয়ে অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে। পাহাড়ের সেই আয়োজনে টলিউডের খুব ঘনিষ্ঠ কয়েকজনই থাকতে পারেন। তবে অতিথি তালিকা বা হবু বর প্রসঙ্গে বিস্তারিত কিছু বলতে রাজি হননি মিমির মামাবাড়ির সদস্যরা।

শোনা যাচ্ছে, বিয়ের আনুষ্ঠানিকতা মিটে যাওয়ার পরই হবু বর সিদ্ধার্থ দত্তকে সকলের সামনে আনবেন মিমি চক্রবর্তী। তার আগে তাঁর এই সাজানো খাবারের থালা ঘিরে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।