সেমিকন্ডাক্টর থেকে সবুজ অর্থনীতি! ৭টি নতুন ক্ষেত্রে হাত মিলিয়ে বিশ্বকে চমকে দিল ভারত ও সিঙ্গাপুর

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে ঐতিহাসিক পদক্ষেপে এগাল ভারত ও সিঙ্গাপুর। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত দুই দেশের চতুর্থ দফার মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে সবুজ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল সংযোগ এবং সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের এই অংশীদারিত্ব আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বৈঠকে দুই দেশের পক্ষ থেকে উন্নত উৎপাদন, কানেক্টিভিটি, ডিজিটালাইজেশন, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়নের মতো প্রধান ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি, ভারতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের (FSSAI) সঙ্গে সিঙ্গাপুর ফুড এজেন্সির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের মধ্যে কৃষি ও খাদ্যপণ্যের বাণিজ্যকে আরও সহজ করবে। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর সিঙ্গাপুর-ভারত হ্যাকাথনের চতুর্থ সংস্করণ আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা তরুণ উদ্ভাবকদের নতুন সুযোগ এনে দেবে।