ব্রিকস সম্মেলনে কি আসতেই পারছেন না তারেক? ভারত সফর ঘিরে তৈরি হল বিরাট রহস্য!

আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে সংশয় বেড়েই চলেছে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সম্ভাব্য দিল্লি সফর হওয়ার কথা থাকলেও, দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের জেরে তা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, খোদ রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানানোর নির্ধারিত মহড়া সংক্রান্ত বিজ্ঞপ্তিও শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এই অনিশ্চয়তার মূল কারণ হিসেবে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি। সম্প্রতি ভারতে বসে শেখ হাসিনার একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক এবং তাঁর রাজনৈতিক মন্তব্য ঘিরে ঢাকার অন্দরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সাফ দাবি, খুনের মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া এবং তাঁকে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
যদিও নয়াদিল্লির পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার নানান কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তারেকের সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে বরফ গলানোর চেষ্টা করেছেন। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়ে মোদি সরকারের অনড় অবস্থান এবং বিএনপির রাজনৈতিক চাপের মুখে এই হাই-প্রোফাইল সফর শেষ পর্যন্ত ভেস্তে যায় কি না, সেটাই এখন দেখার বিষয়।