সুসংবাদ! সিটেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া ফের শুরু, মিস করলে পস্তাবেন

যাঁরা সেপ্টেম্বর ২০২৬-এর সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট (CTET) পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে হতাশায় ছিলেন, তাঁদের জন্য এল বড় স্বস্তির খবর। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE) ২১তম সিটেট ২০২৬-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করার কথা ঘোষণা করেছে। এর ফলে চাকরিপ্রার্থীরা আরও একবার ফর্ম ফিলআপ করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন।

যোগ্য প্রার্থীরা, যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তাঁরা এখন আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ ভিজিট করতে হবে। অসংখ্য প্রার্থীর বিশেষ অনুরোধ এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা মাথায় রেখেই সিবিএসই এই সিদ্ধান্ত নিয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, যোগ্য শিক্ষকদের টেট যোগ্যতা অর্জনের বিধিবদ্ধ নিয়ম পূরণের জন্য একটি ন্যায্য সুযোগ দেওয়া উচিত। সেই বৃহত্তর স্বার্থেই বোর্ড এই পোর্টিয়াল ফের খুলে দিয়েছে।

উল্লেখ্য, এর আগে সিটেট সেপ্টেম্বর ২০২৬-এর আবেদন প্রক্রিয়া ১১ মে থেকে শুরু হয়ে ৬ জুন, ২০২৬ পর্যন্ত কার্যকর ছিল। যাঁরা ইতিপূর্বেই সফলভাবে আবেদন সম্পন্ন করেছেন, তাঁদের নতুন করে কোনও আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন আবেদনকারীরা ২৫ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

এদিকে, আবেদন প্রক্রিয়া পুনরায় চালু হওয়ায় পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে পরীক্ষাকেন্দ্রের প্রাথমিক ঘোষণা অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সিবিএসই সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সংশোধিত তারিখ ১ সেপ্টেম্বর, ২০২৬-এর পর অফিসিয়ালি ঘোষণা করা হবে। তাই পরীক্ষার্থীদের নিয়মিতভাবে অফিশিয়াল ওয়েবসাইটের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

কীভাবে আবেদন করবেন?
১. প্রথমে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ প্রবেশ করুন।
২. হোমপেজে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৩. এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য নির্দিষ্ট স্থানে লিখুন।
৪. নির্দেশিকা অনুযায়ী রঙিন ছবি ও স্ক্যান করা স্বাক্ষর আপলোড করুন।
৫. অনলাইন পেমেন্টের মাধ্যমে নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে ফর্মটি ফাইনাল সাবমিট করুন।
৬. ভবিষ্যতের সুবিধার্থে কনফার্মেশন পেজটি ডাউনলোড করে প্রিন্টআউট বের করে রাখুন।

শেষ মুহূর্তের সার্ভার ডাউন বা প্রযুক্তিগত জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।