আগামী বিধানসভা নির্বাচনে কি পশ্চিমবঙ্গে বড়সড় পরিবর্তন আসতে চলেছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ’ জয়ের বার্তার মাঝেই চাঞ্চল্যকর তথ্য উঠে এল জনপ্রিয় সাংবাদিক সুমন দে-র ইউটিউব পোল ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেখানে আমজনতার দেওয়া উত্তরের শতাংশ এক কথায় চমকে দেওয়ার মতো।
রাজ্য বিজেপির এবারের প্রার্থী তালিকায় নবীন-প্রবীণের ভারসাম্য স্পষ্ট। প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে সন্দেশখালির লড়াকু মুখ রেখা পাত্র—বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন অনেকেই। এই রণকৌশল কি কাজ করবে? এই প্রশ্নই রাখা হয়েছিল দর্শকদের সামনে।
গত ১৯ মার্চ থেকে ৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলা এই পোলে অংশ নিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। ফলাফলে দেখা যাচ্ছে, ৭৪ শতাংশ মানুষ মনে করছেন বিজেপি এবার ভালো ফল করবে। বিপরীতে ‘না’ বলেছেন ২৩ শতাংশ এবং মাত্র ৩ শতাংশ মানুষ কোনো নির্দিষ্ট মতামত দেননি। ওড়িশায় জয়ের পর এবার কি তবে পশ্চিমবঙ্গের পালা? সুমন দে-র চ্যানেলে এই ‘জনমতের’ প্রতিফলন রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।





