‘সুখের পালঙ্ক ছেড়ে খাটিয়ায়’, শিবির বদলেই বিস্ফোরক দাবি মদন মিত্রর

রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফের বড় চমক। তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিলেন জনপ্রিয় নেতা মদন মিত্র। ইস্তফা দেওয়ার ঠিক পরপরই বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতাদের পর এবার মদন মিত্রের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
‘সুখের পালঙ্ক ছেড়ে খাটিয়ায়’ দলীয় পদ থেকে ইস্তফা দিলেও মদন মিত্রের কথায় স্পষ্ট যে, তিনি রাজনৈতিকভাবে নিজের অবস্থান বজায় রেখেছেন। শিবির পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু ও ঘর থেকে এ ঘরে এলাম। ও ঘরে সুখের পালঙ্ক ছিল, এ ঘরে খাটিয়া আছে।” তাঁর এই রহস্যময় মন্তব্য রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
কেন এই ইস্তফা? ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্যের মতো দাপুটে নেতাদের পর মদন মিত্রের মতো নেতার এমন হঠাৎ পদত্যাগ তৃণমূল কংগ্রেসের অন্দরে বড়সড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
মদন মিত্রের এই পদক্ষেপের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর এই মন্তব্য এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।