সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য! এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু শুরুর আগে মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে স্বস্তি ফিরেছে। ইনজুরির কারণে দলের সেরা তারকা জেমি ম্যাকলারেনের খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। অস্ট্রেলিয়ান এই তারকা ফুটবলার পুরোদমে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন।
মাঠে ফিরছেন ম্যাকলারেন
মোহনবাগান সূত্র অনুযায়ী, জেমি ম্যাকলারেনের চোটের ব্যথা এখন অনেকটাই কমেছে। তিনি দলের সঙ্গে সম্পূর্ণ অনুশীলনে যোগ দিয়েছেন। যদিও পুরোপুরি সুস্থ হতে তার আরও কিছুটা সময় লাগবে, তবে আশা করা হচ্ছে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। যদি তিনি ফিট হন, তবে তাকে নিয়েই দল মাঠে নামবে।
এএফসি-র জন্য প্রস্তুতি তুঙ্গে
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-কে পাখির চোখ করে সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন। তিনি মূলত পাসিং এবং শুটিঙের উপর বিশেষ মনোযোগ দিয়েছেন। দলের অন্য খেলোয়াড় যেমন জেসন কামিংস, রবসন, লিস্টন কোলাসো এবং সাহাল আব্দুল সামাদরা দারুণ ছন্দে রয়েছেন। অনুশীলন দেখে মনে হচ্ছে, আসন্ন টুর্নামেন্টের জন্য মোহনবাগান শিবির এখন পুরোপুরি প্রস্তুত।
তবে, দলের স্প্যানিশ ফুটবলার আলবার্তো রদ্রিগেজ গতকাল অনুশীলনে উপস্থিত থাকলেও বাকিদের সঙ্গে অনুশীলন করেননি।