সুখবর! অবশেষে খুলেছে শোরুম, অগস্ট থেকেই মিলতে পারে গাড়ি, ভারতে Tesla-র দাম কত?

ভারতের টেসলা প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা অবশেষে ভারতে তাদের প্রথম শোরুম চালু করল। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে (বিকেসি) আজ, ১৫ই জুলাই এই অত্যাধুনিক শোরুমের উদ্বোধন হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভারতে আপাতত টেসলার জনপ্রিয় মডেল ওয়াই পাওয়া যাবে। মনে করা হচ্ছে, আগামী ১লা অগাস্ট থেকেই ভারতীয় গ্রাহকরা এই গাড়ি কিনতে পারবেন।

টেসলার সাংহাই প্ল্যান্টে উৎপাদিত মডেল ওয়াই ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে। তবে ভারতে এই গাড়ি বিক্রি করার ক্ষেত্রে টেসলাকে আপাতত একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, ভারতে টেসলার গাড়ির উপর প্রায় ৭০ শতাংশ কর ধার্য করা হয়েছে। এর ফলে ভারতীয় ক্রেতাদের এই গাড়ি কেনার জন্য প্রায় ১০ হাজার ডলার অতিরিক্ত খরচ করতে হতে পারে।

সূত্রের খবর, ভারতে টেসলা মডেল ওয়াই-এর দাম প্রায় ৭০ হাজার ডলার ধার্য করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি। একই মডেলের গাড়ির দাম চিনে যেখানে ৩৬ হাজার ডলার, আমেরিকায় ৪৫ হাজার ডলার এবং জার্মানিতে ৫৩ হাজার ডলার।

ভারতে টেসলার শোরুম চালু হওয়া নিঃসন্দেহে দেশের বৈদ্যুতিক গাড়ি বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও উচ্চ করের কারণে গাড়ির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা যেতে পারে, তবুও টেসলার অত্যাধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইন ভারতীয় বাজারে কতটা সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়।