“সীমান্ত বদলে যায়! সিন্ধু প্রদেশ আবার ভারতের অংশ হতে পারে,” বড় বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি সিন্ধু (Sindh) প্রদেশ নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, যা নতুন করে কূটনৈতিক জল্পনা উসকে দিয়েছে। তিনি বলেছেন, “সিন্ধ বা সিন্ধু প্রদেশ আজ ভারতে নেই, কিন্তু সীমান্ত বদলে যায়। ওই অঞ্চল আবার ভারতে চলে আসতে পারে।”
১৯৪৭ সালের দেশভাগের সময় সিন্ধু নদের কাছের এই ঐতিহাসিক অঞ্চলটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এই সময় বহু সিন্ধি নাগরিক ভারতে চলে এসেছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিন্ধুদের সাথে ভারতের আবেগগত সম্পর্কের ওপর জোর দেন। তিনি বলেন, “সিন্ধুতে বসবাসকারী হিন্দুরা এবং এল কে আডবাণীর মতো নেতারা কখনোই সিন্ধু প্রদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করাকে মেনে নেননি।”
রাজনাথ সিংয়ের মন্তব্য:
“আজ হয়ত সিন্ধুর ভূমি ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতার নিরিখে সিন্ধু সবসময়ই ভারতের অংশ। আর সীমান্ত তো বদলায়। কে জানে, কাল সিন্ধু আবার ভারতের অংশ হয়ে উঠবে।”
প্রতিরক্ষামন্ত্রী সিন্ধু নদের পবিত্রতা উল্লেখ করে আরও বলেন, “সিন্ধুর মানুষ, যারা সিন্ধু নদকে পবিত্র বলে মনে করেন, তারা আমাদের আপনজন। তারা যেখানেই থাকুন না কেন, তারা আমাদেরই মানুষ।”
তাঁর এই মন্তব্যটি ভারতীয় রাজনীতিতে এবং আন্তর্জাতিক মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে।