সি পি রাধাকৃষ্ণনের শপথ অনুষ্ঠানে রাহুলের অনুপস্থিতি, কংগ্রেসকে তীব্র আক্রমণ বিজেপির

দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রটোকল অনুযায়ী রাহুল গান্ধীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি গরহাজির ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি তীব্র আক্রমণ করেছে কংগ্রেসকে।

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী তার এক্স (X) বার্তায় রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, “রাহুল গান্ধী দেশের সংবিধানকে ঘৃণা করেন। রাহুল গান্ধী দেশের গণতন্ত্রকে অপছন্দ করেন। তাই উপরাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বয়কট করেছেন।” ভান্ডারী আরও অভিযোগ করেন যে, রাহুল গান্ধী কিছুদিন আগে লালকেল্লায় আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানও বয়কট করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, “যে ব্যক্তি সাংবিধানিক কার্যপদ্ধতি মেনে চলার শপথ নিয়েছেন, তিনি কি রাজনৈতিক জীবনের পক্ষে উপযুক্ত?”

যদিও বিজেপি রাহুলকে নিশানা করলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল গান্ধী একটি দলীয় কর্মসূচিতে গুজরাটে গিয়েছিলেন। কংগ্রেস নেতা উদিত রাজ বলেছেন, “বিরোধী দলনেতা সব সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন, এমন কোনো আইন নেই। কংগ্রেস সভাপতি অনুষ্ঠানে ছিলেন, তিনিই দলের সর্বোচ্চ প্রতিনিধি।” তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি সংবিধানকে অবজ্ঞা করে এর ভুল ব্যাখ্যা করছে এবং রাহুল গান্ধী দেশের সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন।