“সাসপেনশনের ‘ডেডলাইন'”-শেষ মুহূর্তে পিছু হটলেন ১৪৫ BLO! কাজে যোগ দিলেন ‘অনিচ্ছুক’ কর্মীরা

পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগে চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা দেখা গেল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ড করার কড়া হুঁশিয়ারি দিয়েছিল নির্বাচন কমিশন। এই হুঁশিয়ারির পরেই শেষ মুহূর্তে পিছু হটলেন SIR প্রক্রিয়ায় দায়িত্ব নিতে অস্বীকার করা ১৪৫ জন ব্লক লেভেল অফিসার (BLO)

জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ওই সমস্ত BLO-রা কাজে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন। এই ১৪৫ জন কর্মীর ওপরেই বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম পৌঁছে দিয়ে SIR প্রক্রিয়া সম্পন্ন করার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

 

কমিশনের চরম পদক্ষেপ ও কর্মীদের আশ্বাস

 

গত এপ্রিল মাস থেকে নিয়োগ হওয়া এই BLO-দের অনেকেই দায়িত্ব নিতে এবং প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছিলেন। বেশিরভাগ অনিচ্ছুক কর্মীর তালিকায় নাম ছিল মুর্শিদাবাদ, কলকাতা এবং কোচবিহারের। তাঁদের অনিচ্ছার কারণ জানতে চেয়ে কমিশন নির্দেশ দিলেও, কাজে যোগ না দেওয়ায় কড়া পদক্ষেপের কথা জানানো হয়।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছিলেন, সাসপেনশন শুধু নয়, ওই ১৪৫ জন BLO-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হবে।

এদিকে, ভোটকর্মী ঐক্য মঞ্চ এবং BLO ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, “আজ কাজে যোগ দিতে চলেছেন ১৪৫ জন অনিচ্ছুক BLO। নির্ধারিত সময়ের আগেই তাঁরা কাজে যোগ দেবেন।” তিনি একইসঙ্গে কমিশনের কাছে গুরুতর অসুস্থ কর্মীদের অব্যাহতি দেওয়া এবং কাজে যোগদানকারী কর্মীদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করার আর্জি জানিয়েছেন।

 

রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ

 

উল্লেখ্য, কড়া পদক্ষেপের অংশ হিসেবে নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে দু’জন BLO-র বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাঁদের সরিয়ে দিয়েছে। কারণ ওই দু’জন কর্মী একইসঙ্গে রাজনৈতিক দলের সদস্য এবং পঞ্চায়েতের পদাধিকারী ছিলেন।

প্রসঙ্গত, এই BLO-রাই আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন এনিউমারেশন ফর্ম নিয়ে। সেই ফর্ম পূরণ ও নথি মিলিয়ে দেখার ভিত্তিতে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকা তৈরির মূল প্রক্রিয়া সম্পন্ন হবে।