সালাহ যুগ শেষ! ১২৩ মিলিয়ন পাউন্ডে পিএসজি থেকে সোজা লিভারপুলে ফরাসি তারকা বারকোলা

মহম্মদ সালাহ দীর্ঘ ৯ মরসুম খেলার পর ক্লাব ছাড়ার পরই বড় পদক্ষেপ নিল লিভারপুল। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে নিতে রেকর্ড চুক্তির পথে এগোচ্ছে অ্যানফিল্ডের ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সি এই ফরোয়ার্ডের জন্য লিভারপুলের প্রস্তাবের মোট মূল্য হতে পারে ১২৩ মিলিয়ন পাউন্ড বা প্রায় ১৬৬.৪৩ মিলিয়ন মার্কিন ডলার।

প্রাথমিক অবস্থায় ১০৬ মিলিয়ন পাউন্ড দেবে লিভারপুল। এর সঙ্গে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। সবকিছু ঠিক থাকলে ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করবেন বারকোলা। তবে এই বিশাল অঙ্কের দলবদল নিয়ে এখনও পর্যন্ত লিভারপুল বা পিএসজি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সরকারি ঘোষণা করা হয়নি।

২০২৩ সালে লিয়ঁ ক্লাব ছেড়ে পিএসজি-তে নাম লিখিয়েছিলেন বারকোলা। প্যারিসে কাটানো সময়ে ইউরোপের অন্যতম ধারাবাহিক এবং প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড হিসেবে নিজের নাম পাকা করেছেন তিনি। ফরাসি জায়ান্টদের জার্সিতে টানা দু’বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার লিগ ওয়ান এবং দু’বার ফ্রেঞ্চ কাপ জয়ের স্বাদ পেয়েছেন। পিএসজি-র হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫২ ম্যাচে ৩৯টি গোল এবং ৩৭টি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি থাকলেও রেকর্ড ট্রান্সফার ফি-র লোভেই তাঁকে ছাড়তে চলেছে পিএসজি।

নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুলের পুনর্গঠন প্রক্রিয়ায় অন্যতম বড় সংযোজন হতে চলেছেন এই ফরাসি তারকা। চলতি ট্রান্সফার উইন্ডোতে ইতিমধ্যেই রোনাল্ড আরাউহো, জেরেমি জাকে এবং ভিক্টর মুনোজের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

সালাহ ক্লাব ছাড়ার ফলে লিভারপুলের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি হয়েছিল। ইরাওলার স্কোয়াডে বর্তমানে আলেকজান্ডার ইসাক, কডি গাকপো, রিও এনগুমোহা এবং মুনোজের মতো নাম থাকলেও দীর্ঘমেয়াদি চোটের কারণে হুগো একিতিকেকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বারকোলা যোগ দিলে অ্যানফিল্ডের আক্রমণভাগ যে আরও বেশি ধারালো হবে, তা বলাই বাহুল্য।