বাংলাদেশি নাগরিক গ্রাম পঞ্চায়েতের প্রধান! মালদার এই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল রাজ্যজুড়ে

মালদায় এক তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে পদাধিকারী হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। কালিয়াচকের তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান চেমারি বিবিকে ঘিরে এই বিতর্কের সৃষ্টি হয়েছে।
পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্য কৃষ্ণ মণ্ডলের অভিযোগ, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে এসে এক ভারতীয় নাগরিককে বিয়ে করে ভোটার কার্ডে নাম তোলেন চেমারি বিবি। তাঁর বাবা বাংলাদেশের ভোটার এবং সেখানে তাঁদের পারিবারিক জমিও রয়েছে বলে দাবি ওই কংগ্রেস নেতার। এই বিষয়ে বিডিও, এসডি ও পুলিশ সুপারের কাছে সমস্ত প্রমাণসহ লিখিত অভিযোগ জানানো হলেও প্রশাসন আগে কোনো পদক্ষেপ নেয়নি বলে তাঁর অভিযোগ। সম্প্রতি অনাস্থা প্রক্রিয়ার পর গত ২৭ আগস্ট তৃণমূলের টিকিটে জয়ী ওই মহিলা প্রধান নির্বাচিত হন।
সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান চেমারি বিবি দাবি করেছেন, তিনি বাংলাদেশি নন এবং তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম বিচারাধীন থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
ঘটনাটি প্রসঙ্গে জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ওই নারী অতীতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এ দেশে প্রবেশ করেছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।