সাবধান! মুখোশের আড়ালেই ঘুরছে সাইবার প্রতারকের দল, হরিহরপাড়া থেকে গ্রেফতার ৩ যুবক

নিরীহ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ৭ কোটি ১৮ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল রাকেশ মণ্ডল, সাহাবুল শেখ এবং আব্দুর রউফ শেখ।

বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে হরিহরপাড়া থানা ও সাইবার থানার যৌথ বাহিনী কিষাণ মান্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে। পুলিশ সূত্রে জানা গেছে, এই প্রতারণার সঙ্গে ডোমকলের যোগসূত্রও রয়েছে।

পুলিশের তদন্তে জানা যায়, প্রতারকেরা হরিহরপাড়ার পাচগাছি এলাকার এক শ্রমজীবী যুবক আরিফ শেখের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন করেছে। প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্টটি জালিয়াতির কাজে লাগানো হয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশের কাছ থেকে আরিফ নোটিশ পাওয়ার পর তিনি হরিহরপাড়া থানার সাহায্য চান, যার পরেই তদন্ত শুরু হয়।

ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বহরমপুর সাইবার থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।