সাপের ভয় আর নেই! ড্রোন দিয়ে ধানের জমিতে কীটনাশক, বাঁকুড়ার কৃষকদের মুখে হাসি

আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলেছে। এবার আর হাতে নয়, বরং ড্রোনের সাহায্যে অতি সহজে ও নিরাপদে ধানের জমিতে কীটনাশক ছড়ানোর কাজ শুরু হয়েছে। বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রামে এই অভিনব পদ্ধতি দেখতে ভিড় জমছে সাধারণ মানুষের।
এতদিন পর্যন্ত কৃষকদের হাঁটু পর্যন্ত গামবুট পরে বা পায়ে চট বেঁধে জমিতে নেমে কষ্ট করে কীটনাশক ছড়াতে হতো। এতে সময় ও পরিশ্রম তো বেশি লাগতোই, পাশাপাশি সাপের কামড়ের মতো মারাত্মক ঝুঁকিরও আশঙ্কা ছিল। প্রতি বছর এই কারণে বহু কৃষক প্রাণ হারান। এই সমস্যা এড়াতে ছাতনার কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের উদ্যোগে প্রায় ৫০ বিঘা জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানো হয়েছে।
সময় ও ঝুঁকি কমছে, খুশি কৃষকরা
গ্রামের কৃষকরা জানান, এই পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটেই এক বিঘা জমিতে কীটনাশক ছড়ানো সম্ভব। এতে একদিকে যেমন সময় ও পরিশ্রম সাশ্রয় হচ্ছে, তেমনই সাপের কামড়ে প্রাণহানির আশঙ্কাও দূর হচ্ছে। কৃষকরা এই পদ্ধতিতে ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন এবং ভবিষ্যতে এটি নিয়মিত ব্যবহার করার কথা জানিয়েছেন। তাদের মতে, ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানো হলে একসঙ্গে অনেকটা জায়গাজুড়ে কাজ করা যায়, যা কীটপতঙ্গকে সাময়িকভাবে দূরে সরিয়ে রাখে এবং কীটনাশকের কার্যকারিতা বাড়ায়।
এই নতুন প্রযুক্তি একদিকে যেমন কৃষকদের জীবনকে সুরক্ষিত করছে, তেমনই কৃষি উৎপাদনকে আরও উন্নত করতে সাহায্য করছে। এই পদ্ধতিকে কৃষি ক্ষেত্রে একটি ‘বিপ্লব’ হিসেবে দেখছেন স্থানীয়রা।