সাপের কামড় নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল কিশোর, তাঁর সাহস সবাইকে অবাক করেছে!

নদিয়া জেলার শান্তিপুরের হরিণদী এলাকার বাসিন্দা ও হরিপুর হাই স্কুলের ছাত্র রাহিবুল শেখ সাপের কামড় সত্ত্বেও সাহসিকতার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। রবিবার রাতে তাকে একটি সাপে কামড়ায়। পরিবারের লোকজন তাকে দ্রুত শান্তিপুর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে ভর্তির পর রাহিবুলের চিকিৎসা শুরু হয় এবং সোমবার সকালে সে কিছুটা সুস্থ বোধ করে। তখন সে পরীক্ষা দিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার এই জেদ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং হরিপুর হাই স্কুল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। প্রথমে হাসপাতালে বসেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
হরিপুর হাই স্কুল এবং সুত্রাগড় এমএন হাই স্কুলের তৎপরতায় রাহিবুল তার নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র, এমএন উচ্চ বিদ্যালয়ে, সময়মতো উপস্থিত হতে পারে। সে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে।
রাহিবুলের বাবা জালাল শেখ জানান, হাসপাতাল ও স্কুল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে তার ছেলে পরীক্ষা দিতে পেরেছে। তার এই উদ্যোগকে শিক্ষক ও স্থানীয়রা ব্যাপকভাবে প্রশংসা করেছেন। রাহিবুলের ঘটনাটি প্রমাণ করে যে, প্রতিকূল পরিস্থিতিতেও পড়াশোনার প্রতি একাগ্রতা কতটা শক্তিশালী হতে পারে।