ভারতের গাড়ির বাজারে এক বিরাট পরিবর্তন এসেছে। জিএসটি (GST)-তে পরিবর্তনের পরই ভারতীয় ক্রেতাদের মধ্যে গাড়ি কেনার এবং গাড়ি আপগ্রেড করার হুজুগ পড়েছে। সম্প্রতি স্মিটেনপালস এআই স্টাডির সমীক্ষায় উঠে এসেছে যে, জিএসটি-তে কর ছাড়ের ফলে যে অর্থ সাশ্রয় হচ্ছে, তা সঞ্চয় না করে গ্রাহকরা সেই টাকা দিয়ে আরও বড়, আরও ভালো বা নতুন গাড়িতে অত্যাধুনিক ফিচার্স যোগ করছেন।
দামি গাড়ি কেনার হিড়িক:
সমীক্ষায় দেখা গিয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে দেশের টায়ার-১, টায়ার-২ ও টায়ার-৩ শহরগুলিতে গাড়ি কেনার হিড়িক পড়েছে। ৭৯ শতাংশ গাড়ি ক্রেতাই দামি গাড়ি কিনছেন বা অতিরিক্ত কিছু সংযোজন করছেন।
আপগ্রেডেশন: জিএসটি কমার পর ৪৬ শতাংশ গ্রাহকই তাদের পুরোনো গাড়ি বদলে অপেক্ষাকৃত বড় ও দামি গাড়ি কিনেছেন। অর্থাৎ, কর ছাড়ের পর তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং মধ্যবিত্ত ক্রেতারাও এখন বাজেটের মধ্যে থাকা ব্র্যান্ড ছেড়ে অত্যাধুনিক ফিচার্সযুক্ত গাড়ি কিনতে পারছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা: ৬০ শতাংশ গাড়ি ক্রেতা আবার আপগ্রেডের পরিকল্পনাও করেছেন। পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এসইউভি (SUV), তারপরই রয়েছে সিডান ও হ্যাচব্যাক। ভারতীয় রাস্তায় এখনও এসইউভি-র রাজত্ব চলছে।
ইভি-র বাড়তি চাহিদা:
এসইউভি-র পাশাপাশি, ইলেকট্রনিক গাড়ি বা ইভি (EV)-র বিক্রিও দ্রুত বাড়ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৬ শতাংশ গ্রাহকই তাদের পরবর্তী গাড়ি কেনার ক্ষেত্রে ইভি বেছে নেওয়ার পরিকল্পনা করেছেন।
ইভি বেছে নেওয়ার একাধিক কারণও রয়েছে: যেমন পরিবেশ দূষণ কম হওয়া এবং সরকারি ছাড় পাওয়া। ফলে দামও অনেকটা সাধ্যের মধ্যে আসছে। তবে ব্যাটারির সমস্যা এবং চার্জিং পরিকাঠামো এখনও সম্পূর্ণ তৈরি না হওয়াটা ইভি-র জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও ভবিষ্যতে এই সমস্যা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।





