সাগরদিঘিতে চলন্ত বাসে আগুন- পুড়ে চাই NBSTC বাস! ছুটে আসছে দমকল বাহিনী

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার মোড়গ্রাম সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে একটি সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাসের প্রায় ৩০ জন যাত্রী।

জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) বাসটি রানাঘাট ডিপো থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ লোহাল মোড়ে পৌঁছালে বাসের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া এবং আগুন বের হতে শুরু করে। মুহূর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে আসেন। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে।

অগ্নিকাণ্ডের কারণ
বাসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ততক্ষণে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। রানাঘাট ডিপোর ইনচার্জ সত্যনারায়ণ হালদার এবং মুর্শিদাবাদ ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিক জানিয়েছেন, তারা ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছেন। শর্ট সার্কিট ছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটায় যাত্রীরা এবং স্থানীয় প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।