‘সাইয়ারা’র ৩০০ কোটির ছুঁই ছুঁই! সাফল্যের নেপথ্যে শ্রেয়া ঘোষালের জাদুকরী কণ্ঠ

পরিচালক মোহিত সুরির নতুন ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ধারণা করা হচ্ছে, ছবিটি অনায়াসেই ৩০০ কোটি টাকার ব্যবসা করবে। ছবির এই অভাবনীয় সাফল্যের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ক্লাইম্যাক্সের টাইটেল ট্র্যাকের ফিমেল ভার্সন, যা গেয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

সঙ্গীত পরিচালক তানিষ্ক বাগচী এই গানটির প্রসঙ্গে বলেন, “পরিচালক মোহিত সুরির সঙ্গে যখন গানটি নিয়ে আলোচনা করি, তখনই শ্রেয়ার নামটা আসে। শ্রেয়া কীভাবে গানটা গাইবেন, সেটাও আমাকে বলতে হয়নি। শ্রেয়া এসে নিজের মতো আবেগ দিয়েই গানটা গেয়েছেন। সেখানেই ম্যাজিক হয়েছে।”

পরিচালক মোহিত সুরিও শ্রেয়ার প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “মহিলাদের আবেগ যখন গানে ব্যক্ত করার মতো বিষয় থাকে, তখন শ্রেয়ার চেয়ে ভালো আর কেউ সেই গান গাইতে পারেন না। সেই কারণেই এই গানটার জন্য শ্রেয়া ছাড়া আর কোনও নাম মাথায় আসেনি।” ‘সাইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাকটি বিশ্বজুড়েই ব্যাপক হিট হয়েছে এবং সকলের মুখে মুখে ফিরছে।

বলিউডে গত পাঁচ বছরে হিন্দি ছবির সুপারহিট গানগুলো প্রধানত অরিজিৎ সিং গেয়েছেন, কিন্তু ‘সাইয়ারা’-র টাইটেল ট্র্যাকের ফিমেল ভার্সনে শ্রেয়া ঘোষালের কণ্ঠ সেই ফর্মুলা ভেঙে দিয়েছে। ছবিতে শ্রেয়ার গান থাকায় অনেকে মনে করছেন, নতুন প্রজন্মের ছবির জন্যও শ্রেয়ার গাওয়া গানই উপযুক্ত, যেমনটা শাহরুখ খান-ঐশ্বর্য রাইয়ের ছবির ক্ষেত্রে ছিল।

প্রসঙ্গত, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল একসঙ্গে বাংলা ছবি ‘ধূমকেতু’-র জন্য একটি গান গেয়েছেন, যা মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে। এই ছবিতে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটি ১২ বছর পর একসঙ্গে কাজ করেছেন, যা অনুরাগীদের মধ্যে নতুন ছবি ‘ধূমকেতু’ নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। ছবিটি আগামী ১৪ই আগস্ট মুক্তি পাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy