সর্বনাশা অবসাদ! দুই সন্তানকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে একসঙ্গে আত্মঘাতী দম্পতি, সুসাইড নোটের কথা জানলে শিউরে উঠবেন

তেলেঙ্গানার নিজামাবাদ থেকে এক অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার খবর সামনে এসেছে, যা শুনে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তীব্র মানসিক অবসাদ এবং চরম আর্থিক অনটনের জেরে দুই ছোট সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে এসে একসঙ্গে আত্মঘাতী হয়েছেন এক দম্পতি। মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছেন প্রতিবেশীরাও।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম ৩০ বছরের শীসালা মেঘনা এবং তাঁর স্বামী নরেশ। গত মঙ্গলবার নিজামাবাদের নিজ বাসভবনেই এই চরম পদক্ষেপ করেন তাঁরা। পুলিশ সূত্রে প্রকাশ, আত্মহত্যার ঠিক আগেই ওই দম্পতি তাঁদের দুই ছোট সন্তানকে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে ও থাকতে পাঠিয়েছিলেন। যাতে শিশুরা এই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী না হয়, সম্ভবত সেই পরিকল্পনা থেকেই এমনটা করা হয়েছিল। পরে ঘরের ভিতর থেকে তাঁদের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুসাইড নোট বা সুইসাইড লেট উদ্ধার করেছে, যা থেকে এই মর্মান্তিক সিদ্ধান্তের মূল কারণ স্পষ্ট হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই চিঠিতে তীব্র মানসিক অবসাদ এবং শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। নরেশ বিদ্যুৎ দপ্তরে চাকরি করতেন এবং মেঘনা ছিলেন গৃহবধূ। পরিবারের খরচ সামলানোর পাশাপাশি নিজেদের চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে তাঁরা চরম আর্থিক সংকটের মুখে পড়েছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরেশ কিছুদিন ধরে ওষুধও খাচ্ছিলেন। তবে আত্মীয়দের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পারিবারিক কলহ বা দাম্পত্য বিবাদ ছিল না। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।