সরকার-বিরোধী পোস্ট করলেই কি ‘ব্যান’? নতুন আইটি রুল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের!

অনলাইনে সরকার-বিরোধী কনটেন্ট করলেই কি তা সরিয়ে দেওয়া হবে? সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম (IT Rule) নিয়ে ডিজিটাল ক্রিয়েটর ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে নীরবতা ভেঙে সত্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MEITY)।
মন্ত্রকের সচিব এস কৃষ্ণ স্পষ্ট জানিয়েছেন, সরকার-বিরোধী পোস্ট ডিলিট করে দেওয়া হবে— এই ধারণাটি সম্পূর্ণ একটি ‘মিথ’। সংবিধানের বাইরে গিয়ে সরকার কোনো পদক্ষেপ করবে না। আসলে ২০২১-এর আইটি আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে, যার খসড়া ইতিমধ্যেই প্রস্তুত। মূলত ডেটা সংরক্ষণ, খবরের সঠিক সংজ্ঞা এবং বর্তমান আইনের পরিকাঠামোগত সংস্কারই এর মূল লক্ষ্য। খবরের বিষয়বস্তুর ওপর আংশিক তদারকির যে প্রস্তাব আনা হয়েছে, তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে।
সরকার জানিয়েছে, এই নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে না। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশবাসীর কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। সংগৃহীত সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত নীতিমালা তৈরি হবে। বিরোধীদের আশঙ্কা উড়িয়ে দিয়ে মন্ত্রক জানিয়েছে, যাবতীয় নিয়ন্ত্রণ MEITY-র হাতেই থাকবে, তবে নিউজ কনটেন্টের কিছু অংশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে সমন্বয় করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে স্বচ্ছতা আনাই এই সংশোধনীর আসল উদ্দেশ্য।