‘সরকার কি এতটাই দেউলিয়া?’ পরীক্ষার নামে অনুদান তোলার অভিযোগ তুলে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

রাজ্যের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক শিক্ষার্থীদের কাছ থেকে ‘অনুদান’ নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার এক্স হ্যান্ডলে একটি বার্তায় তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া আপনার সরকার কি এতটাই দেউলিয়া হয়ে গেছে যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ বিদ্যার্থীদের থেকে অনুদান নিচ্ছে?”
শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুলে লেখেন, “আপনার আমলে শিক্ষার এমনই বেহাল অবস্থা, উপরন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতির ফলে তা একেবারেই রসাতলে গেছে।”
‘ল্যাম্প-পোস্ট মন্ত্রী’কে নিশানা:
বিরোধী দলনেতা অভিযোগ করেন, আর্থিক ভাবে সচ্ছল পরিবারগুলি তাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠায় না। শুধুমাত্র বাধ্য হয়েই অভিভাবকরা বাচ্চাদের সরকারি স্কুলে পাঠান। সেই সব বাচ্চাদের থেকে পরীক্ষার নামে টাকা তুলতে রাজ্যের শিক্ষা দপ্তরের লজ্জা হওয়া উচিত।
এই প্রসঙ্গে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীকে ‘ল্যাম্প-পোস্ট মন্ত্রী’ বলে কটাক্ষ করেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকেই অনুরোধ জানান: “যেসব ছাত্র ছাত্রীদের থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ টাকা তুলেছে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন।”
‘সরকারের দেউলিয়া অবস্থা’:
রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বলেন, এক দিকে টোটো/ই- রিক্সা তালিকাভুক্ত করার নামে রাজ্যজুড়ে গরিব টোটোওয়ালাদের থেকে টাকা তোলা হচ্ছে, আর এক দিকে সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের থেকে পরীক্ষার অজুহাতে টাকা নেওয়া হচ্ছে। তাঁর চূড়ান্ত কটাক্ষ, “এর থেকে বোঝা যায় যে সরকারের দেউলিয়া অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে!” এবং তিনি স্লোগান তোলেন, “দেউলিয়া সরকার আর নেই দরকার।”