সরকারি হাসপাতালে এবার টাকার বিনিময়ে ভর্তি! SSKM-এর নতুন ব্লকে মিলবে কী কী সুবিধা? উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সাধারণ মানুষের জন্য সুখবর। এবার এসএসকেএম হাসপাতালেও মিলবে বেসরকারি হাসপাতালের মতো উন্নত চিকিৎসা পরিষেবা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-এর দ্বিতীয় উডবার্ন ব্লকের উদ্বোধন করেছেন। এই নতুন ১০ তলা ভবনে থাকবে মোট ১৩১টি শয্যা, যেখানে রোগীরা টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন।

কী কী পরিষেবা মিলছে?

নতুন এই ব্লকে রয়েছে সিঙ্গল কেবিন, এইচডিইউ এবং আইটিইউ-এর মতো অত্যাধুনিক সুবিধা। এই নতুন ভবনের নাম রাখা হয়েছে ‘অনন্য’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখানে রোবোটিক সার্জারির মতো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিও চালু করা হবে, যা রাজ্যের সরকারি হাসপাতালে প্রথম। এছাড়াও, এখানে পূর্ব ভারতের প্রথম বোন ব্যাংক এবং কর্ড ব্লাড ব্যাংক স্থাপন করা হয়েছে।

ভাড়া কত?

মুখ্যমন্ত্রী জানান, এই নতুন উডবার্ন ব্লকে পরিষেবা পেতে একটি নির্দিষ্ট ভাড়া দিতে হবে।

সিঙ্গল কেবিন: প্রতিদিন ৫,০০০ টাকা

স্যুট: প্রতিদিন ৮,০০০ টাকা

এইচডিইউ: প্রতিদিন ১২,০০০ টাকা

আইসিইউ: প্রতিদিন ১৫,০০০ টাকা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেসরকারি হাসপাতালে একই মানের পরিষেবা পেতে এর চেয়ে অনেক বেশি খরচ হয়। তিনি আরও বলেন, এই ভাড়াতেও হাসপাতালের সব খরচ উঠবে না, তবে মানুষের সুবিধার কথা ভেবে ভাড়া কমানো হয়েছে। এই ব্লকটি তৈরিতে মোট ৬৭ কোটি টাকা খরচ হয়েছে।