দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত! হিজলি জেলে দুই শহিদ বিপ্লবীকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন সুকান্ত মজুমদার

অগ্নিযুগের দুই বীর বিপ্লবী তারকেশ্বর সেনগুপ্ত ও সন্তোষ কুমার মিত্র-এর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপি-র প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার এক্সবার্তায় (পূর্বতন টুইটার) তিনি এই দুই শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম জানান।
সুকান্ত মজুমদার তাঁর বার্তায় লেখেন, “১৯৩১ সালের ১৬ই সেপ্টেম্বর মেদিনীপুরের হিজলি ডিটেনশন ক্যাম্পে বন্দি বিপ্লবীদের উপর ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলিবর্ষণে শহিদ হন এই দুই বীর বাঙালি বিপ্লবী।”
তিনি আরও বলেন, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তাঁদের এই আত্মত্যাগ আজও অমর হয়ে আছে। তাঁদের আদর্শ, দেশপ্রেম এবং আত্মবলিদান আগামী প্রজন্মকে সবসময় অনুপ্রেরণা জোগাবে।
সুকান্ত মজুমদারের এই পোস্ট দুই শহিদ বিপ্লবীর স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদান বাঙালি তথা ভারতীয়দের মনে চিরকাল অম্লান থাকবে।