ভোটের বাদ্যি বাজতেই উত্তপ্ত উত্তরবঙ্গের ধূপগুড়ি। নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) জারি হওয়ার পরেও সরকারি কর্মীদের দলীয় কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ধূপগুড়ি পুরসভার জ্যাকেট পরা অবস্থায় অস্থায়ী কর্মীদের তৃণমূলের দলীয় পতাকা লাগাতে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
টিভি৯ বাংলার ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যাচ্ছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ১৪ নম্বর ওয়ার্ডে পতাকা লাগাচ্ছেন পুরসভার কর্মীরা। বিরোধী দল বিজেপির দাবি, তৃণমূল এখন চরম কর্মী সংকটে ভুগছে, তাই নিরুপায় হয়ে সরকারি অর্থে পুষ্ট কর্মীদের দলীয় প্রচারে নামিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতির অভিযোগ, তৃণমূল নেতা রাজেশ কুমার সিংয়ের নির্দেশেই এই বেআইনি কাজ চলছে। এই ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছে পদ্ম শিবির। যদিও শাসকদলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের আগে এই ঘটনা ধূপগুড়ির রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে।