পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক জলসীমায় ভারতের জয়জয়কার। ইরানের রক্তচক্ষু এবং হরমুজ প্রণালীর চরম উত্তেজনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিরাপদে ভারতে ফিরছে দুটি ভারতীয় পতাকাবাহী এলপিজি (LPG) ক্যারিয়ার জাহাজ— ‘জাগ ভাসন্ত’ (Jag Vasant) এবং ‘পাইন গ্যাস’ (Pyne Gas)। শিপ-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, জাহাজ দুটি দুবাই ও শারজাহ উপকূলে দীর্ঘক্ষণ নোঙর করে থাকার পর সফলভাবে বিশ্বের অন্যতম বিপজ্জনক জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে ড্রোন হামলা ও জাহাজ আটক করার ঘটনার জেরে যখন সারা বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলো সিঁটিয়ে রয়েছে, তখন ভারতীয় জাহাজের এই সফল যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ‘জাগ ভাসন্ত’ এবং ‘পাইন গ্যাস’ জাহাজ দুটি এলপিজি নিয়ে ভারতের রান্নার গ্যাসের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের নিজস্ব ‘মেরিন সিকিউরিটি অপারেশন’ এবং নৌবাহিনীর সতর্ক নজরদারির কারণেই এই দুর্গম পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
হরমুজ প্রণালী হলো বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের মূল ধমনী, যার ওপর ইরানের কড়া নজরদারি থাকে। বিশেষ করে ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে এই পথ দিয়ে জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতীয় পতাকাবাহী জাহাজের সফল চলাচল ভারতের ক্রমবর্ধমান নৌ-শক্তি এবং সফল কূটনীতির এক জলজ্যান্ত উদাহরণ। জাহাজ দুটি এখন ভারতের বন্দরের দিকে এগোচ্ছে এবং দ্রুত পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হবে।