‘সব দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর!’,-১০০ দিন পর সরকার নিয়ে মুখ খুলে ঠিক কী বার্তা দিলেন সৌরভ?

সক্রিয় রাজনীতি থেকে বরাবর দূরত্ব বজায় রাখলেও রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পর এক সাক্ষাৎকারে মহারাজের মূল্যায়ন, এই অল্প সময়ে পূর্ণাঙ্গ বিচার করা সম্ভব না হলেও বর্তমান সরকারের পারফরম্যান্স বেশ ইতিবাচক।
কেন্দ্র ও রাজ্যে একই দলের শাসন থাকাকে বড় ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে প্রাক্তন ভারত অধিনায়ক জানান, রাজ্যে নতুন শিল্প স্থাপন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার অত্যন্ত জরুরি। তাঁর কথায়, রাজ্যে ইতিমধ্যে তিনটি ফ্যাক্টরির উদ্বোধন হয়েছে এবং ভবিষ্যতে আরও শিল্প আসবে বলেই তিনি আশাবাদী। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের প্রশংসার পাশাপাশি সতীর্থ তথা রাজ্যের মন্ত্রী অশোক দিন্দাকেও শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ।
এদিকে তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা নিয়ে মহারাজ স্পষ্ট জানিয়েছেন, আপাতত রাজনীতিতে আসার কোনও ইচ্ছে তাঁর নেই, তবে ভবিষ্যতে কী হবে তা এখনই বলা সম্ভব নয়। পাশাপাশি, বহুচর্চিত শালবনি ইস্পাত কারখানা নিয়ে বড় আপডেট দিয়ে তিনি জানান, কাজের গতি বেশ ভালো রয়েছে এবং আগামী বছরের নভেম্বর অর্থাৎ প্রায় ১২-১৩ মাসের মধ্যেই পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।