সোমবার ভরদুপুরে বারাসতের ময়না এলাকায় চাঞ্চল্যকর অভিযান চালাল রাজ্য পুলিশের এসটিএফ (STF)। সবজি বোঝাই লরি আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে এল বিপুল পরিমাণ মাদক। পুলিশের চোখে ধুলো দিতে লরির ভেতরে সবজির বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল প্রায় ৩০০ কেজি গাঁজা। এই ঘটনায় লরির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ সোমবার ময়না এলাকায় ওত পেতে ছিল। একটি সন্দেহভাজন লরি এলাকায় ঢুকে পণ্য নামানোর তোড়জোড় শুরু করতেই তাকে ঘিরে ফেলেন আধিকারিকরা। প্রাথমিকভাবে সবজির বস্তা দেখা গেলেও, তা সরাতেই দেখা যায় নিচে রাখা রয়েছে ১১টি সন্দেহভাজন বস্তা। বস্তার মুখ খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো গাঁজা। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই বিপুল পরিমাণ মাদক উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল। বারাসতের এই ময়না এলাকাতেই তা ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। ধৃত চালক ও খালাসিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ। এই আন্তর্জাতিক পাচারচক্রের মূল পান্ডা কে এবং কোথায় কোথায় এই মাদক সরবরাহ করার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় এই বিপুল মাদক উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।