নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনেও কাটল না অস্বস্তি। মঙ্গলবার সকালে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বেলুড় মঠ পরিদর্শনে গেলে দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের নিচে বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ধরেন। তাঁকে লক্ষ্য করে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয় এবং কালো পতাকা দেখানো হয়। চরম এই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।
যদিও বিক্ষোভের আবহ কাটিয়ে জ্ঞানেশ কুমার বেলুড় মঠে পৌঁছলে সন্ন্যাসীরা তাঁকে স্বাগত জানান। মূল মন্দিরে দর্শনের পর তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠেও সফর করেন।
সফর ঘিরে রাজনৈতিক উত্তাপও ছিল তুঙ্গে। রবিবার কলকাতায় পৌঁছানোর পর সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কমিশন। সেই বৈঠক ঘিরে তৃণমূলের সঙ্গে কমিশনের সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছেছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, কমিশনার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দাবি, কমিশন তাঁদের কোনো প্রশ্নেরই সদুত্তর দেয়নি। সব মিলিয়ে, এই ঘটনাবহুল সফরের প্রেক্ষিতে আজ দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।