‘আমার সঙ্গে হলেই কি মুখ খুলব?’ তৃণমূল নেতাকে পাল্টা তোপ মহিলার, উত্তপ্ত পরিস্থিতি

রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে সরগরম রাজনৈতিক প্রেক্ষাপট। আরজি কর-কাণ্ডের আবহে যখন বিভিন্ন মহলে চর্চা চলছে, ঠিক তখনই টিভি৯ বাংলার ক্যামেরার সামনে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। এক পথচারী মহিলা স্কুটি থামিয়ে সরাসরি প্রশ্ন তোলেন, ‘‘মহিলারা কোথায় নিরাপদ? আমি তো নিরাপদ নই!’’ মহিলার এই মন্তব্যের পরই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ওই স্থানে উপস্থিত এক তৃণমূল নেতা পাল্টা অভিযোগের সুরে মহিলাকে প্রশ্ন করেন, ‘‘আপনার সঙ্গে কি কিছু হয়েছে? আপনি কি বিজেপির হয়ে কথা বলতে এসেছেন?’’ এই কটাক্ষ শুনেই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তিনি পাল্টা চিৎকার করে বলেন, ‘‘আমার সঙ্গে হলে তবেই মুখ খুলব? পাশের বাড়ির কারও সঙ্গে হলে কি প্রতিবাদ করব না?’’

নেতার এই ধরনের মন্তব্যে চরম অস্বস্তিতে পড়তে হয় তৃণমূলকে। জনসমক্ষে একজন মহিলার নিরাপত্তাজনিত উদ্বেগকে যেভাবে রাজনৈতিক তকমা দিয়ে লঘু করার চেষ্টা করা হয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের ‘অসংবেদনশীলতা’ ও ‘স্বৈরাচারী মনোভাবের’ অভিযোগ তুলে সুর চড়িয়েছে। মহিলার সাহসিকতা এবং নেতার বিতর্কিত মন্তব্যের এই ভিডিও এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।