সপ্তম বেতন কমিশন চালুর আগেই বড় ধাক্কা! একঝটকায় বঞ্চিত রাজ্যের ১৫ হাজার কর্মী?

রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন ও তা কার্যকরের প্রক্রিয়া এগোতেই সরকারি কর্মীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। তবে এর মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য, যা ঘিরে শিক্ষা মহলে তীব্র অসন্তোষ দানা বাঁধছে। সরকারি তালিকা অনুযায়ী, রাজ্যের প্রায় ১৫ হাজার অশিক্ষক কর্মীকে এই নতুন বেতন কমিশনের সুবিধার বাইরে রাখা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধার বিষয়গুলি খতিয়ে দেখতে এবং পরামর্শ দিতে নবান্নের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কমিশন গঠন থেকে শুরু করে নিয়ম ও শর্ত ঘোষণা—সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে যখন উৎসবের মেজাজ, ঠিক তখনই এই বঞ্চনার খবর প্রকাশ্যে এল।
সূত্রের খবর এবং প্রকাশিত সরকারি তালিকার তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, নতুন এই কমিশনের সুবিধা থেকে রাজ্যের প্রায় ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের অশিক্ষক কর্মীরা বাদ পড়তে চলেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলির শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের নতুন বেতন কাঠামোর আওতায় রাখা হলেও, এই অশিক্ষক কর্মীদের বঞ্চিত করার অভিযোগে ক্ষোফে ফেটে পড়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।
আগামী দিনে সম্পূর্ণ কমিশন চালু হওয়ার আগে এই ১৫ হাজার কর্মীর ভবিষ্যৎ ও বঞ্চনার বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। এখন দেখার বিষয়, প্রশাসনের তরফে এই বিষয়ে পরবর্তী সময়ে কী ধরনের পদক্ষেপ করা হয়।