সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা, ওড়িশা হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে ওড়িশা হাইকোর্ট। আদালত জানিয়েছে, মা যদি নিজেই সন্তানের পরিচয় নিশ্চিত করেন, তাহলে ডিএনএ পরীক্ষা করার দাবি ওই মহিলার মাতৃত্বের প্রতি অপমান এবং তার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।
ডিএনএ টেস্ট নিয়ে আদালতের মত
বিচারপতি বি.পি. রাউতরে এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দেন। আদালত জানায়, শুধুমাত্র সম্পত্তির অধিকারের জন্য ডিএনএ পরীক্ষার দাবি করা উচিত নয়, কারণ এটি একটি সংবেদনশীল বিষয়। এটি ভারতীয় সাক্ষ্য আইনের ১১২ নম্বর ধারা-র বিরুদ্ধেও যায়। যদি মা আদালতে সন্তানের পরিচয় নিশ্চিত করেন, তবে ডিএনএ পরীক্ষার দাবি শুধু অযৌক্তিক নয়, বেআইনিও বটে।
মামলার প্রেক্ষাপট
একটি সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানিতে এই রায় দেওয়া হয়। মামলার আবেদনকারী এক ৫৮ বছর বয়সী ব্যক্তির পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন ওই ব্যক্তি তার বাবার সম্পত্তি পাওয়ার যোগ্য নন। তবে আদালতের মতে, পরিবারের বাইরের কোনো ব্যক্তির এমন প্রশ্ন তোলার অধিকার নেই। বিচারপতি বলেন, শুধুমাত্র আইনি প্রয়োজন থাকলে এবং সংশ্লিষ্ট ব্যক্তির গোপনীয়তার অধিকার নিশ্চিত করেই ডিএনএ পরীক্ষা করা যেতে পারে।