সতর্ক হন! পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হচ্ছে দ্বিতীয় খসড়া তালিকা, এই ভোটারদের শুনানিতে ডাকা নিশ্চিত

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন (Election Commission) আরও একটি খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে। সকালে প্রথম যে খসড়া তালিকাটি প্রকাশিত হয়েছিল, সেটি ছিল অনুপস্থিত (Absent), স্থানান্তরিত (Shift), এবং মৃত (Death) ভোটারদের তথ্যের ভিত্তিতে তৈরি ‘ASD’ তালিকা। এই তালিকাটিকে মূলত বাদ যাওয়ার তালিকা বলা যেতে পারে। এই তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে উপযুক্ত নথি সহ কমিশনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

প্রথম ASD তালিকা ছাড়াও, কমিশন শীঘ্রই আরও একটি গুরুত্বপূর্ণ খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে। এই তালিকায় সেই সমস্ত ভোটারদের নাম থাকবে, যাঁদের শুনানির জন্য ডাকা হবে। কমিশনের যে ওয়েবসাইটে প্রথম খসড়া তালিকাটি প্রকাশিত হয়েছে, সেখানেই এই দ্বিতীয় খসড়া তালিকাটিও পাওয়া যাবে। আজ দুপুর থেকেই বিএলও-রা (BLO) এই তালিকা ধরে প্রতি বুথে বসবেন।

কমিশন সূত্রে খবর, শুনানিতে কাদের ডাকা হবে, সেই তালিকাটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে:

১. প্রোজেনি ম্যাপিং: এই ভোটারদের নাম আত্মীয়-পরিজন বা বাবার নাম ধরে ম্যাপিং করা হয়েছে। ২. সেলফ ম্যাপিং: এই ভোটাররা যাঁরা ২০০২ সালেও ভোটার ছিলেন। ৩. নো ম্যাপিং: এই ভোটারদের ২০০২ সালের SIR-এর সঙ্গে আত্মীয়-পরিজনের সংযোগ বা সাযুজ্য খুঁজে পাওয়া যায়নি।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিং-এর ক্ষেত্রে শুনানিতে ডাকার সম্ভাবনা অনেকটাই কম। তবে ‘নো ম্যাপিং’ তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদেরকেই শুনানির জন্য ডাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ভোটারদের তালিকায় নাম বহাল রাখতে হলে শুনানিতে অবশ্যই যোগ দিতে হবে।

শুনানিতে যাওয়ার সময় এই ভোটারদের জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট-এর মতো নাগরিকত্বের প্রামাণ্য নথি সঙ্গে নিয়ে যেতে হবে।