সংসদে ‘লুকোচুরি’ কেন? ডিলিমিটেশন ও এফসিআরএ বিল নিয়ে মোদীকে কড়া চিঠি ডেরেকের!

সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগের মুহূর্তে ডিলিমিটেশন (সীমানা পুনর্নির্ধারণ) ও এফসিআরএ (FCRA) বিল নিয়ে সরব হলো তৃণমূল কংগ্রেস। এই বিল দুটি পাস করানোর আগে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি কড়া চিঠি পাঠিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
সরকারের বিরুদ্ধে ‘লুকোচুরি’র অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ, সংসদের সরকারি কাজকর্মের তালিকায় এই বিলগুলোর উল্লেখ না থাকলেও, সরকার শেষ মুহূর্তে চমক দিতে পারে। ডেরেক বলেন, “সরকার সংসদীয় রীতিনীতিকে পুরোপুরি উপেক্ষা করছে। আমাদের আশঙ্কা, তড়িঘড়ি করে বিতর্কিত বিল পাস করানোর চেষ্টা চলছে।”
অতীতের প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি চিঠিতে ডেরেক ২০১৯ সালের একটি ঘটনার প্রসঙ্গ টেনে এনেছেন। সেই সময় জম্মু ও কাশ্মীরের মর্যাদা বিলুপ্ত করার বিলটি নিয়ে যেভাবে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার তীব্র সমালোচনা করেছেন তিনি। ডেরেক উল্লেখ করেন, বিলটি পেশ করার মাত্র ১১ মিনিট আগে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হয়েছিল, যা সংসদীয় রীতির বিরোধী। এই ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে সরকারের পরিণতি বিতর্কিত কৃষি আইনের মতো হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
বিরোধীদের অস্বস্তি ও ডেরেকের দাবি ডিলিমিটেশন বিলের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সরকারের ওপর ভরসা রাখতে পারছেন না বিরোধীরা। সংসদীয় স্বচ্ছতা বজায় রাখতে এবং গুরুত্বপূর্ণ এই দুই বিষয়ে আলোচনার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীকে এই চিঠি দিলেন ডেরেক। আগামীকাল, ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতেই যে ডিলিমিটেশন ও এফসিআরএ বিল নিয়ে উত্তাল হতে পারে সংসদ, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে তৃণমূলের এই পদক্ষেপে।