মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর এবার নজর বঙ্গ মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপরেখার দিকে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী সোমবার রাজভবনে দ্বিতীয় দফায় শপথ নিতে পারেন বিজেপি সরকারের বাকি মন্ত্রীরা। ওই দিনই রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সোমবারই কি চূড়ান্ত তালিকা? শনিবার মুখ্যমন্ত্রীসহ মাত্র পাঁচজন মন্ত্রী শপথ নিলেও, প্রশাসনের চাকা সচল করতে দ্রুত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে চাইছে পদ্ম শিবির। সূত্রের দাবি, সোমবারের অনুষ্ঠানে বেশ কিছু নতুন মুখ এবং অভিজ্ঞ বিধায়ককে ঠাঁই দেওয়া হতে পারে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— সবকটি অঞ্চলের ভারসাম্য বজায় রেখেই যে এই তালিকা তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।
বিধানসভায় প্রথম ক্যাবিনেট বৈঠক শপথ গ্রহণ পর্ব মেটার পরেই সোমবার বিধানসভায় রাজ্যের নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। সাধারণত প্রথম বৈঠকেই সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি নির্ধারণ করা হয়। শিক্ষা, কর্মসংস্থান বা আইন-শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই বৈঠকে কোনো বড় ঘোষণা আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
নজরে দপ্তর বণ্টন ইতিমধ্যেই যাঁরা শপথ নিয়েছেন এবং সোমবার যাঁরা নিতে চলেছেন, তাঁদের মধ্যে দপ্তর বণ্টন নিয়েও জল্পনা তুঙ্গে। বিশেষ করে স্বরাষ্ট্র, অর্থ এবং উচ্চশিক্ষার মতো হেভিওয়েট দপ্তরগুলি মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখেন নাকি বিশ্বস্ত কোনো সতীর্থকে দেন, তা নিয়ে চলছে জোর চর্চা।
সোমবারের এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজভবন ও বিধানসভা চত্বর। বাংলার নতুন সরকারের কর্মপদ্ধতি ঠিক কী হতে চলেছে, তার প্রথম রূপরেখা সম্ভবত এই সোমবারের বৈঠকেই স্পষ্ট হয়ে যাবে।





