শিনা বোরা মামলায় নতুন মোড়! ৭ কোটি টাকার গয়না চুরি, অভিযোগ উঠল স্বয়ং ইন্দ্রাণীর ছেলের বিরুদ্ধে

শিনা বোরা হত্যা মামলায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের সিবিআই বিশেষ আদালতে ইন্দ্রাণী মুখার্জির দ্বিতীয় পক্ষের মেয়ে বিধি মুখার্জি অভিযোগ করেছেন, ইন্দ্রাণীর সৎ ছেলে রাহুল মুখার্জি প্রায় ৭ কোটি টাকার গয়না চুরি করেছেন। বিধি জানান, ইন্দ্রাণীর আরেক সৎ ছেলে রবিনও এই চুরিতে জড়িত।

অভিযোগ কী?

আদালতে বিধি মুখার্জি বলেন, ইন্দ্রাণী মুখার্জি গ্রেপ্তার হওয়ার পর তার সৎ ছেলেরা, রাহুল ও রবিন, ইন্দ্রাণীর টাকা ও গয়না লুট করতে মরিয়া হয়ে ওঠে। বিধি আরও জানান, সে সময় তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা এই টাকা-পয়সার জন্য যেকোনো কিছু করতে পারতেন। তারা প্রায় ৭ কোটি টাকার গয়না এবং নগদ টাকা হাতিয়ে নেয়। যদিও বিধি জানান, তাদের বাবা পিটার মুখার্জি এ বিষয়ে কিছুই জানতেন না।

জবানবন্দি দিতে রাজি নন বিধি

শিনা বোরা হত্যা মামলায় বিধি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তবে মঙ্গলবার তিনি সিবিআই স্পেশাল কোর্টে জবানবন্দি রেকর্ড করাতে রাজি হননি। আদালতে তিনি জানান, মায়ের গ্রেপ্তারের সময় তিনি নাবালিকা ছিলেন এবং সেই ঘটনায় তিনি মানসিক ট্রমার শিকার হয়েছিলেন। বিধি আরও অভিযোগ করেন, মুম্বাই পুলিশ এবং সিবিআই তাকে কিছু নথিতে সই করতে বাধ্য করেছিল এবং তার জবানবন্দি জাল ও বিকৃত করা হয়েছে।

মামলার প্রেক্ষাপট

২০১২ সালে শিনা বোরা নিখোঁজ হন। ২০১৫ সালে ইন্দ্রাণীর গাড়ির চালক শ্যামবর রাইকে গ্রেপ্তারের পর শিনাকে খুনের বিষয়টি সামনে আসে। এই ঘটনায় ইন্দ্রাণী মুখার্জি এবং তার স্বামী পিটার মুখার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ওঠে, শিনা হত্যায় ইন্দ্রাণীর সঙ্গে পিটারেরও ষড়যন্ত্র ছিল। প্রায় ৭ বছর জেল খাটার পর বর্তমানে ইন্দ্রাণী জামিনে মুক্ত। এই নতুন অভিযোগের পর মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy