শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের ইডি তলব, বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের পরিধি ক্রমশ বাড়ছে। এই মামলায় বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে আবারও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির বিভিন্ন দিক এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইডি তাঁকে তলব করেছিল। উল্লেখ্য, মাসখানেক আগে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বিভাস। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। এর আগে তাঁর বীরভূমের নলহাটির বাড়ি এবং কলকাতার বাসভবনে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই তল্লাশি চালিয়েছিল।
তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের দাবি, উত্তরবঙ্গসহ রাজ্যের বিভিন্ন জেলায় অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের চক্রে বিভাস অধিকারীর প্রত্যক্ষ যোগ থাকতে পারে। এই দুর্নীতির সঙ্গে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগ দীর্ঘদিনের। এমনকি, বীরভূমের অন্যতম প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গেও বিভাস অধিকারীর ঘনিষ্ঠতা ছিল বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির নেটওয়ার্ক ভাঙতে ইডি এখন বিভাসকে কেন্দ্র করেই তদন্তের জাল বিস্তার করছে।