শিক্ষক দিবসে ভয়ংকর ঘটনা! ক্লাসের মধ্যে ছাত্রীদের বেধড়ক মার শিক্ষকের, হাসপাতালে ভর্তি ২১ জন

শিক্ষক দিবসের ঠিক একদিন আগে পূর্ব মেদিনীপুরের এগরায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। স্কুলের ক্লাসের মধ্যেই ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ২১ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের বাইরে অভিভাবকরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। স্কুলের ইংরেজি শিক্ষক বিপ্লব পণ্ডার বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার দুপুরের দিকে অষ্টম শ্রেণির ক্লাস চলাকালীন তিনি ছাত্রীদেরকে নির্মমভাবে মারধর করেন। ঠিক কী কারণে তিনি ছাত্রীদের ওপর এমন আক্রমণাত্মক হয়ে ওঠেন, তা এখনও স্পষ্ট নয়। এই মারধরের ফলে ২১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। দ্রুত তাঁরা এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে এসে পৌঁছান। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে, অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক বিপ্লব পণ্ডা-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের ভেতরে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। অবশেষে আজ, শিক্ষক দিবসের দিনে, অভিযুক্ত শিক্ষক বিপ্লব পণ্ডাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে অভিভাবকরা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন।